ক্লাবহাউজের ১৩ লাখ গ্রাহকের তথ্য ফাঁস

১২ এপ্রিল, ২০২১ ০১:৩৮  
মাত্র কয়েক মাসেই অন্যতম দ্রতবর্ধনশীল অ্যাপ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ক্লাবহাউজ। অডিও-অনলি চ্যাটরুম সেবাটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। শুধুমাত্র আমন্ত্রণের মাধ্যমেই এতে যুক্ত হওয়া যায়। এরই মধ্যে বড় ধরণের ধাক্কা খেলো অ্যাপটি। প্রায় ১৩ লাখ গ্রাহকের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। সম্প্রতি ফেসবুক ও লিংকডইনের এক বিলিয়নের অধিক গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রির জন্য পোস্ট করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ক্লাবহাউজের গ্রাহকের তথ্য ফাঁস হলো। তবে ফেসবুক ও লিংকডইনের তথ্য বিক্রি করার পোস্ট দেয়া হলেও, একটি জনপ্রিয় হ্যাকার সাইটে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে ক্লাবহাউজের গ্রাহকদের তথ্য। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে সাইস্কাইবারের ইউজার আইডি, নাম, ছবির লিংক, ইউজার নেইম, টুইটার হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলোয়ার সংখ্যা, ফলোয়িং সংখ্যা, অ্যাকাউন্ট তৈরির তারিখ এবং যিনি ঐ গ্রাহককে ক্লাবহাউজে আমন্ত্রণ জানিয়েছেন তার নাম। ফলে বলা চলে একজন গ্রাহকের সকল তথ্যই হ্যাকারদের হাতে চলে গেছে। ক্লাবহাউজ অবশ্য হ্যাকিংয়ের তথ্য অস্বীকার করেছে। তবে কিছু তথ্য কোম্পানির এপিআই এর মাধ্যমে প্রকাশ পেয়েছে বলে ধারণা করছে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা ক্লাবহাউজ ব্যবহারকারীদেরকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ডিবিটেক/বিএমটি